পুরুষদের কাছে যে তাপমাত্রা স্বস্তিদায়ক, নারীদের কাছে সেটিই অনেক সময় বেশি ঠান্ডা মনে হতে পারে। নারী ও পুরুষের মধ্যে পার্থক্যের চেয়ে মিলই বেশি। তবে বিভিন্ন গবেষণায় ধারাবাহিকভাবে দেখা গেছে, পুরুষদের তুলনায় নারীরা ঘরের তাপমাত্রা কিছুটা বেশি পছন্দ করেন। কিন্তু নারীরা পুরুষদের তুলনায় বেশি শীত অনুভব করেন—বহুল প্রচলিত এই ধারণার পেছনে কি সত্যিই কোনো বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে?
একই ওজনের নারী ও পুরুষের মধ্যে সাধারণত নারীদের পেশির পরিমাণ কম থাকে। পেশি শরীরে তাপ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে পেশির পরিমাণ কম হলে শরীরে তাপ উৎপাদনের ক্ষমতাও তুলনামূলক কম হতে পারে। এ ছাড়া নারীদের ত্বক ও পেশির মধ্যবর্তী স্থানে সাধারণত চর্বির পরিমাণ বেশি থাকে। এতে ত্বক রক্তনালি থেকে কিছুটা দূরে অবস্থান করে। ফলে ত্বকের তাপমাত্রা কম অনুভূত হতে পারে। নারীদের বিপাকীয় হার বা মেটাবলিক রেটও সাধারণত পুরুষদের তুলনায় কম থাকে। এর ফলে ঠান্ডা পরিবেশে শরীরের তাপ উৎপাদনের ক্ষমতা কমে যায়। তাপমাত্রা যত কমতে থাকে, নারীদের শীত অনুভব করার প্রবণতাও তত বাড়তে পারে।
নারীদের শরীরে বেশি পরিমাণে থাকা ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোন শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা এবং ত্বকের তাপমাত্রায় প্রভাব ফেলে। ইস্ট্রোজেন হাত-পা ও শরীরের প্রান্তীয় অংশের রক্তনালিকে প্রসারিত করে। এর ফলে শরীরের তাপ আশপাশের বাতাসে বেশি বেরিয়ে যেতে পারে। অন্যদিকে, প্রোজেস্টেরন ত্বকের রক্তনালিকে সংকুচিত করতে পারে। এতে শরীরের গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ অঙ্গগুলো উষ্ণ রাখার জন্য কিছু অংশে রক্তপ্রবাহ কমে যায়। ফলে নারীদের শরীরের বাইরের অংশ তুলনামূলক ঠান্ডা অনুভূত হয়।
মাসিক চক্রের সঙ্গে সঙ্গে এসব হরমোনের ভারসাম্যও পরিবর্তিত হয়। হরমোনের এই ওঠানামা নারীদের শরীরের তাপমাত্রা ও ঠান্ডা অনুভবের ওপর প্রভাব ফেলে। গবেষণায় দেখা গেছে, হরমোনের প্রভাবে নারীদের হাত, পা ও কানের তাপমাত্রা পুরুষদের তুলনায় প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস কম থাকতে পারে। ডিম্বস্ফোটনের পরের সপ্তাহে নারীদের শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা সবচেয়ে বেশি থাকে। এ সময় প্রোজেস্টেরনের মাত্রা বেড়ে যায়। ফলে এই সময়ে নারীরা বাইরের কম তাপমাত্রার প্রতি বিশেষভাবে সংবেদনশীল হতে পারেন। হাত-পা তুলনামূলক ঠান্ডা থাকলেও নারীদের শরীরের অভ্যন্তরীণ গড় তাপমাত্রা পুরুষদের তুলনায় বেশি। সম্ভবত এ কারণেই প্রচলিত একটি প্রবাদ রয়েছে—’ঠান্ডা হাত, উষ্ণ হৃদয়’।
তাপমাত্রা পছন্দের এই পার্থক্য শুধু মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয়। বিভিন্ন প্রজাতির পাখি ও স্তন্যপায়ী প্রাণীর ওপর পরিচালিত গবেষণাতেও একই ধরনের প্রবণতা দেখা গেছে। গবেষণায় দেখা যায়, অনেক প্রজাতির পুরুষ প্রাণী ছায়াযুক্ত ও তুলনামূলক ঠান্ডা জায়গায় অবস্থান করতে পছন্দ করে। অন্যদিকে, স্ত্রী প্রাণী ও তাদের বাচ্চারা সূর্যের আলো পাওয়া উষ্ণ জায়গায় থাকতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে। বাদুড়ের ক্ষেত্রেও এমন পার্থক্য দেখা যায়।


























