গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৃথক তিনটি ঘটনায় চারজনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে মুঠোফোনে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজের দুই দিন পর পুকুর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ এবং মহাসড়কের পাশ থেকে অচেতন অবস্থায় উদ্ধার হওয়া এক ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে উপজেলার মাস্তা গ্রামে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় আব্দুল মোমিন মিয়া (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি মধ্য মাস্তা দক্ষিণপাড়া গ্রামের আব্দুর মান্নানের ছেলে। দুই দিন আগে তিনি বাড়ি থেকে নিখোঁজ হয়েছিলেন।
এর আগে বুধবার (১৮ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার কামদিয়া ইউনিয়নের দুখিসুখী গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জহুরুল ইসলাম (৪৫) ও শ্রীমল হাশদা (২২) নামে দুজনের মৃত্যু হয়। জহুরুল ইসলাম জয়পুরহাটের কালাই উপজেলার ভেবেন্তি গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে এবং শ্রীমল হাশদা দুখিসুখী গ্রামের বঙ্গর হাশদার ছেলে।
স্থানীয়রা জানান, জহুরুল ইসলাম এক বৃদ্ধার বাড়িতে থাকতেন। বুধবার রাতে মুঠোফোনে চার্জ দিতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে শ্রীমল হাশদাও বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
এদিকে, উপজেলার দরবস্ত ইউনিয়নের শিংজানি গ্রামের মোতাহার হোসেন প্রধান (৬৫) মহাসড়কের পাশে অচেতন অবস্থায় পড়েছিলেন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বৈরাগীরহাট পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ স্বপন কুমার সরকার জানান, বিদ্যুৎস্পৃষ্টে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং অন্য মরদেহের বিষয়ে স্বজনদের কোনো অভিযোগ না থাকায় তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

























