ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাকচাপায় আলমগীর (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মো. সাহাদাৎ নামে অপর এক আরোহী গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের কসবা উপজেলার তিন লাখ পীর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলমগীর ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার নারই গ্রামের খোরশেদ আলমের ছেলে।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, বৃহস্পতিবার সকালে আলমগীর ও সাহাদাৎ মোটরসাইকেলে করে কুমিল্লার দিকে যাচ্ছিলেন। পথে তিন লাখ পীর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আলমগীরের মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেলে থাকা অপর আরোহী সাহাদাৎ গুরুতর আহত হন।
ওসি আরও জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

























