বন্ধু ও স্বজনদের শোকের সাগরে ভাসিয়ে না-ফেরার দেশে পাড়ি জমিয়েছেন দুই ভাই ইফতেখার মাহমুদ তুষার (৩২) ও ইমতিয়াজ মাহমুদ ইরাত (২৮)। বৃহস্পতিবার দুপুরে হাটহাজারী-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তাঁদের মৃত্যু হয়। এই মর্মান্তিক ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে নিজ বাড়ি ফেরার পথে চারিয়া মুছার দোকান এলাকায় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তুষারকে মৃত ঘোষণা করেন। উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ইরাতেরও মৃত্যু হয়। নাজিরহাট হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মুস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

























