ইরানের পক্ষ থেকে জীবননাশের হুমকির মুখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তিনি জানিয়েছেন, হুমকির কারণে ভীত না হলেও নিরাপত্তার খাতিরে নিজের বাড়ি ছেড়ে মার্কিন সেনাবাহিনীর একটি ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন তিনি। শুক্রবার (১৩ নভেম্বর) সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
স্কট বেসেন্ট বলেন, মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাসদস্য এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। ইরান বর্তমানে কোণঠাসা হয়ে উগ্র আচরণ করছে। গোয়েন্দা সংস্থার পরামর্শ অনুযায়ী তিনি ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে সামরিক ঘাঁটিতে অবস্থান করছেন।
মার্কিন অর্থমন্ত্রী অভিযোগ করেন, ওয়াল স্ট্রিট জার্নাল তার বাসভবনের ছবি প্রকাশ করায় তার জীবন আরও বেশি ঝুঁকির মুখে পড়েছে। তিনি এ ধরনের সাংবাদিকতা বন্ধের আহ্বান জানান। উল্লেখ্য, বর্তমানে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধের অংশ হিসেবে ইরানের বন্দরগুলোতে নৌ-অবরোধ ও স্থল অবরোধের মতো কঠোর পদক্ষেপ বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করছেন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।


























