তুরস্কের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে কাতার। শুক্রবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দপ্তর থেকে এক আনুষ্ঠানিক ঘোষণায় বিষয়টি জানানো হয়েছে।
এদিন ইস্তাম্বুলে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তুরস্কের প্রেসিডেন্ট। এই বৈঠকের পরই দুই দেশের মধ্যে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়।
এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তুরস্কের প্রেসিডেন্টের দপ্তর জানায়, এরদোয়ান কাতারের আমিরকে বলেছেন, উপসাগরীয় আরব অঞ্চলে যেন যুদ্ধের পুনরাবৃত্তি না ঘটে, সে লক্ষ্যে তুরস্ক ও কাতার একসঙ্গে কাজ করবে। পাশাপাশি সংলাপের ভিত্তি তৈরি এবং আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায়ও দুই দেশ যৌথ প্রচেষ্টা চালিয়ে যাবে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, এই নতুন প্রতিরক্ষা চুক্তি আঙ্কারা ও দোহার মধ্যকার দ্বিপক্ষীয় কৌশলগত সম্পর্ককে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে।
তবে উভয় দেশের পক্ষ থেকে স্বাক্ষরিত এই প্রতিরক্ষা চুক্তির ধরন, প্রকৃতি ও এর সুনির্দিষ্ট শর্তাবলি সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।


























