ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অস্থায়ী রাজধানী এডেনে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। শুক্রবার (১৩ নভেম্বর) এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইয়েমেনি সরকার। হামলাটিকে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে চালানো সন্ত্রাসী হামলা হিসেবে অভিহিত করেছে দেশটির সরকার।
সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনি সরকার হামলার তথ্য জানানোর আগে দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর এডেনে বিস্ফোরণের শব্দ শোনা যায়।
ইয়েমেনের রাজধানী সানা হলেও বর্তমানে শহরটি হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে। এ কারণে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার এডেনকে অস্থায়ী রাজধানী হিসেবে ব্যবহার করছে।
ইয়েমেনি সরকারের মুখপাত্র মাজেদ আব্দুল্লাহ আল-নুজাইলি এক বিবৃতিতে বলেন, সর্বশেষ এই হামলা সাধারণ মানুষের জীবনকে হুমকির মুখে ফেলেছে। একই সঙ্গে এটি উত্তেজনা বৃদ্ধিরও ইঙ্গিত দিচ্ছে।
যেখান থেকে হামলা চালানো হয়েছে, সেখানে পাল্টা হামলা চালানোসহ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।


























