রাজশাহী নগরীর সিপাইপাড়া এলাকায় একটি নির্মাণাধীন টিনশেড ঘর থেকে ইসমাইল হোসেন (২২) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজপাড়া থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
নিহত ইসমাইল সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি ওই এলাকায় মা ও ভাইয়ের সঙ্গে ভাড়া থাকতেন এবং নির্মাণ সাইটে প্রহরীর কাজ করতেন। কয়েকদিন গ্রামের বাড়িতে কাটিয়ে বৃহস্পতিবারই তিনি কাজে যোগ দিয়েছিলেন।
রাজপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।


























