বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবীর রিজভী বলেছেন, দেশে অস্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্যে অপশক্তি আবারও মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। তিনি অভিযোগ করেন, সারা দেশে পতিত শক্তি পরিকল্পিতভাবে নাশকতার অপচেষ্টা চালাচ্ছে, তবে দেশের জনগণের কাছে এই ফ্যাসিস্টদের কোনো গ্রহণযোগ্যতা নেই।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) প্রাঙ্গণে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, অর্থপাচারসহ নানা দেশবিরোধী অপতৎপরতার মাধ্যমে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে। এমনকি সাম্প্রতিক আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রনেত্রীদের বাড়িতে হামলার মতো ন্যক্কারজনক ঘটনাও ঘটানো হয়েছে। তবে এ ধরনের কৃত্রিম অস্থিতিশীলতা দীর্ঘস্থায়ী হবে না বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, ফ্যাসিস্ট দোসররা বিভিন্ন টকশোতে মিথ্যা বয়ান তৈরির মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। এসব কুকর্ম করে তারা বেশিদিন টিকে থাকতে পারবে না। অপশক্তি সবসময়ই বিভিন্ন অপকৌশলের আশ্রয় নেয়, তবে তাদের এসব ষড়যন্ত্র সফল হবে না।
























