কোনো দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার ইতিহাস বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেই বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জামায়াত একটি রাজনৈতিক দল। রাজনৈতিক প্রতিপক্ষ ও বন্ধুদের সঙ্গে বসবে, কোনো এজেন্সির সঙ্গে বসার প্রশ্নই ওঠে না।
বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ৩০০ বিধির বক্তব্যের পর দেওয়া প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, বরং যারা তাদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ করছেন, তারাই দেশে-বিদেশে বিভিন্ন এজেন্সির সঙ্গে বসেছেন। প্রকাশ্যে নিজেদের অতীতের নীতি ভুল ছিল বলে স্বীকারোক্তি দিয়েছেন। তিনি আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের বিরুদ্ধে ২০২৪ সালের জাতীয় ঐক্যের যে কথা বলেছেন, সেই অনুভূতির জন্য তাকে ধন্যবাদ। তবে বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে কোনো দলের বোঝাপড়া আছে কি না, তা পরিষ্কার করার আহ্বান জানান তিনি।
জামায়াতের আমির বলেন, বর্তমান রাষ্ট্রপতি মহোদয়ও প্রকাশ্যে এ ধরনের কথাবার্তা বলেছেন। তিনি বলেছেন, ‘তোমাদের সব দরজা খুলে দেবো, তোমাদের সব মামলা তুলে নেবো।’ জামায়াত তো এসব কথা বলেনি। তিনি আরও বলেন, ১২ আগস্টের একটি সংবাদ সম্মেলনের প্রসঙ্গ তুলে তাকে ভুলভাবে উদ্ধৃত করা হয়েছে। ওই ২২ মিনিটের বক্তব্যে তিনি একবারও আওয়ামী লীগের নাম উচ্চারণ করেননি।

























