দক্ষিণী সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর ও সানরাইজার্স হায়দরাবাদের সহমালিক কাব্যা মারানের বিয়ের আয়োজনে বাড়তি আনন্দ যোগ করলেন সুপারস্টার রজনীকান্ত। নবদম্পতির বিশেষ আয়োজনে অনিরুদ্ধের জনপ্রিয় গান ‘মানসিলায়ো’র তালে নেচে অতিথিদের মাতিয়ে দেন এই অভিনেতা। মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে সেই নাচের ভিডিও।
গত ১১ নভেম্বর গ্রিসে জমকালো আয়োজনে বিয়ের বন্ধনে আবদ্ধ হন অনিরুদ্ধ ও কাব্যা। বিয়েতে উপস্থিত ছিলেন দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র ও রাজনৈতিক অঙ্গনের একাধিক পরিচিত মুখ। বিয়ের বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিও প্রকাশ্যে আসতেই ভক্তদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।
ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, রজনীকান্তকে অনিরুদ্ধের ‘ভেট্টাইয়ান’ সিনেমার ‘মানসিলায়ো’ গানের সঙ্গে নাচতে। এ সময় নবদম্পতিকে উচ্ছ্বাস প্রকাশ করে তাঁকে উৎসাহ দিতে দেখা যায়।
বিয়েতে অনিরুদ্ধ পরেছিলেন আইভরি রঙের ঐতিহ্যবাহী পোশাক। অন্যদিকে কাব্যার সাজে ছিল হালকা গোলাপি রঙের কারুকাজ করা লেহেঙ্গা। দুজনের পোশাকেই ছিল প্যাস্টেল রঙের সমন্বয়। অনিরুদ্ধ সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের ছবি প্রকাশ করে লিখেছেন, ‘আমার জীবনের একবারের জন্য, সারা জীবনের জন্য—১১.১১।’
গ্রিসে ১০ ও ১১ নভেম্বর চলে তাঁদের বিয়ের আয়োজন। সেখানে রজনীকান্ত ছাড়াও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন ও তাঁর পরিবারের সদস্যদের উপস্থিতির খবর পাওয়া গেছে। এদিকে বিয়ের পর আগামী ২১ নভেম্বর চেন্নাইয়ে বড় পরিসরে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করার কথা রয়েছে। সেখানে ভারতের রাজনীতি, চলচ্চিত্র ও ক্রিকেট অঙ্গনের অনেক তারকার উপস্থিতির সম্ভাবনা রয়েছে।























