কৃষিপণ্য সংরক্ষণ ব্যবস্থার উন্নয়ন এবং আমদানি নির্ভরতা কমানোর লক্ষ্যে দেশের ২০টি জেলায় ৮০টি ‘ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ’ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে কৃষিমন্ত্রী এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এ তথ্য জানান।
ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য এম শহিদুল ইসলাম বকুলের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জলবায়ু-সহনশীল কৃষির জন্য কৃষকদের মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের প্রকল্পের আওতায় এই অবকাঠামো নির্মাণ করা হবে। এর মাধ্যমে কৃষকরা তাদের উৎপাদিত পণ্য দীর্ঘ সময় সংরক্ষণ করতে পারবেন।
মন্ত্রী আরও জানান, এর আগে সরকার ২৬টি জেলায় ৫৪টি উপজেলায় ১০০টি মিনি কোল্ড স্টোরেজ নির্মাণের কাজ সফলভাবে সম্পন্ন করেছে। এছাড়া কৃষিপণ্যের আধুনিক বিপণন ও মূল্য সংযোজনের লক্ষ্যে সারাদেশে ৫ হাজারটি সংরক্ষণাগার নির্মাণের একটি মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যার প্রতিটির ধারণক্ষমতা হবে ২০ মেট্রিক টন।
বর্তমানে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) অধীনে সারাদেশে মোট ৩১টি কোল্ড স্টোরেজ চালু রয়েছে। তবে বর্তমানে নতুন করে বড় কোনো হিমাগার নির্মাণের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
























