পারস্পরিক কাদা ছোড়াছুড়ি বন্ধ করার জন্য নেতাকর্মীদের প্রতি কড়া আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান।
তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে লিখেছেন, খুনি হাসিনা ও তার ফ্যাসিস্ট সংগঠনের বিরুদ্ধে ফুল অ্যাকশন চলবে। সারা দেশে ফ্যাসিস্টবিরোধী শক্ত দুর্গ গড়ে তুলুন। খুনির দলের কাউকে এই মাটিতে কোনোভাবেই পুনরুত্থিত হতে দেওয়া হবে না।
তিনি আরও বলেন, নুসরাত আমাদের জুলাইয়ের কন্যা। সে আমাদের বোন, আমাদের সহযোদ্ধা। আমরা পূর্ণশক্তি নিয়ে নুসরাতদের পাশে আছি এবং থাকব।
বুধবার (১১ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে আবিদুল ইসলাম খান এসব কথা বলেন।
ওই পোস্টে তিনি আরও লেখেন, জুলাইয়ের সামগ্রিক শক্তি আবারও ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। এখনই পারস্পরিক কাদা ছোড়াছুড়ি বন্ধ করুন। নিষিদ্ধ সংগঠনের প্রতিটি নেতাকর্মীর বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করুন। যাদের হাতে আমাদের হাজারো ভাইবোনের তাজা রক্ত, আমরা বেঁচে থাকতে এই মাটিতে সেই ফ্যাসিস্ট শক্তিকে কোনোভাবেই কোনো কার্যক্রম পরিচালনা করতে দেব না।
নুসরাতকে জুলাইয়ের কন্যা, নিজের বোন ও সহযোদ্ধা হিসেবে উল্লেখ করে তিনি লেখেন, যেখানেই ফ্যাসিস্ট শক্তির পদধ্বনি দেখতে পাবেন, সেখানেই রুখে দাঁড়ান।
ভারতে আশ্রয় গ্রহণকারী ফ্যাসিস্ট জননী এই মাটি ও মানুষের কেউ নন বলে মন্তব্য করেন এই ছাত্রদল নেতা। আবিদুল আরও লেখেন, দেশের হাজার হাজার মানুষ খুন করেও তাদের মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা নেই। তারা আবারও রক্তের নেশায় মেতে উঠেছে। দ্রুততম সময়ের মধ্যে খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের মাধ্যমে ফাঁসি কার্যকর করতে হবে।
























