অর্থনীতিকে গণতান্ত্রিক কাঠামোর মধ্যে আনতে না পারলে রাজনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত এক আলোচনাসভায় তিনি এ কথা বলেন।
বিগত সরকারের কর্মকাণ্ড নিয়ে আলোচনার বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘বিগত সময়ের কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা মানে সময়ের অপচয়। আমি সেই আলোচনায় যেতে চাই না।’ তিনি আরও বলেন, দেশের টেকসই উন্নয়নের জন্য অর্থনীতির গণতান্ত্রিকায়ন অপরিহার্য।
তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে অর্থমন্ত্রী জানান, পরিসংখ্যান ব্যুরোকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘সরকার যদি তথ্যের ক্ষেত্রে প্রতারণা করে, তবে তা নিজের সঙ্গেই প্রতারণা করার শামিল।’
অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, ‘সরকার কোনো তথ্য বিকৃত করতে চায় না। পরিসংখ্যান তৈরিতে রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত পরিবেশ নিশ্চিত করতে আমরা কাজ করছি, যাতে সাধারণ মানুষ নির্ভরযোগ্য তথ্য পায়।’
অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের আমলে অযোগ্যরা সুবিধা ভোগ করেছে, যা দেশের সম্পদের অপচয় ঘটিয়েছে। বর্তমানে আন্তর্জাতিক মানসম্পন্ন ও নির্ভরযোগ্য পরিসংখ্যান নিশ্চিত করতে সরকার ব্যাপক সংস্কার কার্যক্রম পরিচালনা করছে।’
























