জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের আলোকে দিনাজপুরের ফুলবাড়ী কয়লা খনি থেকে অবিলম্বে কয়লা উত্তোলন শুরুর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।
শুক্রবার সকালে বড়পুকুরিয়া কয়লা খনি সংলগ্ন বৈগ্রাম চাররাস্তার মোড়ে ‘ফুলবাড়ী কয়লা খনি এলাকার সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে ফুলবাড়ী ও পার্শ্ববর্তী এলাকার চার শতাধিক মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশীয় জ্বালানি সংকট নিরসনে ফুলবাড়ী কয়লা খনি থেকে দ্রুত কয়লা উত্তোলন শুরু করা প্রয়োজন। তবে খনি বাস্তবায়নের কারণে ক্ষতিগ্রস্ত স্থানীয় জনগণের ন্যায্য ক্ষতিপূরণ, উপযুক্ত পুনর্বাসন এবং কর্মসংস্থান আগে নিশ্চিত করতে হবে।
তারা অভিযোগ করে বলেন, অতীতে বড়পুকুরিয়া কয়লা খনির কারণে ক্ষতিগ্রস্ত অনেক পরিবার এখনো তাদের ন্যায্য ক্ষতিপূরণ ও পুনর্বাসন সুবিধা পাননি। ফুলবাড়ী কয়লা খনি বাস্তবায়নের ক্ষেত্রে যেন একই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগে থেকেই কার্যকর পদক্ষেপ নিতে হবে। স্থানীয়দের অধিকার ও স্বার্থ রক্ষা করেই কয়লা উত্তোলন কার্যক্রম চালুর আহ্বান জানান তারা।
মানববন্ধনে খনি বাস্তবায়নের পক্ষে বক্তব্য দেন স্থানীয় অধিবাসী মো. জাকারিয়া নয়ন, আব্দুল কাদের, আব্দুল আজিজ ও বিপ্লব হোসেনসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

























