বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগর শাখার নতুন আমীর হিসেবে শপথ গ্রহণ করেছেন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর। ২০২৭-২০২৮ কার্যকালের জন্য দায়িত্বপ্রাপ্ত হয়ে শুক্রবার (৬ নভেম্বর) সকালে নগরের একটি অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে তিনি শপথ নেন।
শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও রাজশাহী অঞ্চল পরিচালক মাওলানা রফিকুল ইসলাম খান এমপি। তিনি নবনির্বাচিত আমীরকে শপথবাক্য পাঠ করান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মো. রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগর জামায়াতের সাবেক আমীর ড. মাওলানা কেরামত আলী এমপি। এ সময় রাজশাহী জেলা ও মহানগর জামায়াতের শুরা সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ডা. মোহাম্মদ জাহাঙ্গীর গত জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। আগামী সিটি করপোরেশন নির্বাচনেও তাঁকে জামায়াতের পক্ষ থেকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।


























