ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন ভিসাপ্রত্যাশী বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে। সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভারতে প্রবেশের জন্য সব বিদেশি নাগরিকের বৈধ জাতীয় পাসপোর্ট ও ভারতীয় মিশন থেকে সংগৃহীত বৈধ ভিসাসহ আন্তর্জাতিক ভ্রমণ নথি থাকা বাধ্যতামূলক।
নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে সব ধরনের ভিসা আবেদনের জন্য নির্ধারিত ফরম্যাটে ‘ভিসা আন্ডারটেকিং ফর্ম’ বা ভিসা অঙ্গীকারনামা জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। নির্দিষ্ট ফরম্যাট ছাড়া অঙ্গীকারনামা জমা দিলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিসাপ্রত্যাশীদের হাইকমিশনের নির্ধারিত লিংক থেকে ফরমটি ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করতে হবে। এরপর সেটি স্ক্যান করে এনআইসি ভিসা অ্যাপ্লিকেশন পোর্টালে অনলাইন আবেদনের সঙ্গে আপলোড করতে হবে।
সফলভাবে আবেদন সম্পাদন শেষে স্বাক্ষরিত প্রিন্ট কপি এবং প্রয়োজনীয় আনুষঙ্গিক কাগজপত্রসহ নির্ধারিত সাক্ষাৎকারের দিনে সংশ্লিষ্ট ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বা মিশনে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

























