বলিউডের বহুল প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ: রাইজ অব আ লেজেন্ড’ ঘিরে এবার তোলপাড় শুরু হয়েছে সৌদি আরবেও। দেশটির বিভিন্ন প্রকাশ্য স্থানে সিনেমাটির প্রচারণামূলক পোস্টার টাঙানোর খবর সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে।
আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে শোভা পাচ্ছে সিনেমাটির প্রচারণা পোস্টার। প্রাচীন হিন্দু মহাকাব্য রামায়ণের চরিত্রগুলোর ছবি সংবলিত এসব পোস্টার ঘিরে সাধারণ মানুষ ও নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সৌদি আরবে ছবিটির প্রচারণামূলক পোস্টার প্রদর্শনের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নজরে আসে। ইসলামি ঐতিহ্যবাহী দেশটির প্রকাশ্য স্থানে ভিন্ন ধর্মীয় বিশ্বাসের চরিত্রের ছবি টাঙানো নিয়ে কেউ কেউ বিস্ময় প্রকাশ করেছেন, আবার অনেকে এটিকে ভারতীয় চলচ্চিত্রের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে দেখছেন।
নিতেশ তিওয়ারি পরিচালিত এই বিগ বাজেট দুই পর্বের চলচ্চিত্রে রামের চরিত্রে রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী এবং রাবণের চরিত্রে অভিনয় করছেন যশ। সিনেমাটি ঘিরে বিশ্বজুড়ে এমনিতেই ব্যাপক আগ্রহ রয়েছে। এবার সৌদিতে পোস্টার ঝোলানোর খবর প্রকাশ্যে আসায় আলোচনার নতুন মাত্রা যোগ হলো।
একই সঙ্গে পাকিস্তানের করাচিতেও হিন্দু সম্প্রদায়ের লোকজনের মধ্যে চলচ্চিত্রটি নিয়ে উৎসাহ উদযাপনের তথ্য এসেছে। সব মিলিয়ে কেবল বলিউড সিনেমা হিসেবেই নয়, আন্তর্জাতিক অঙ্গনে সাংস্কৃতিক প্রচারণার অংশ হিসেবেও চলচ্চিত্রটি এখন তীব্র আলোচনার কেন্দ্রে।

























