পবিত্র মদিনার মসজিদে নববীর স্থাপত্য ও প্রযুক্তিশৈলীতে অনন্য মাত্রা যোগ করেছে ২৫০টি বিশালাকার আধুনিক ছাতা। প্রাঙ্গণে আসা লাখ লাখ মুসল্লিকে তীব্র রোদ, বৃষ্টি ও বৈরী আবহাওয়া থেকে রক্ষা করতে এসব স্বয়ংক্রিয় ছাতা স্থাপন করা হয়েছে, যা ইবাদতের পরিবেশকে আরও স্বস্তিদায়ক করে তুলছে।
সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) তথ্যানুযায়ী, মসজিদে নববীর বিস্তৃত প্রাঙ্গণে বসানো এই ২৫০টি ভাঁজযোগ্য ছাতার সম্মিলিত আচ্ছাদিত আয়তন এক লাখ ৪৩ হাজার বর্গমিটারের বেশি। উন্নত প্রকৌশলে নির্মিত প্রতিটি ছাতার দৈর্ঘ্য ও প্রস্থ ২৫.৫ মিটার এবং উচ্চতা প্রায় ২২ মিটার।
সুবিশাল এই ছাতাগুলোর নিচে একসঙ্গে প্রায় দুই লাখ ২৮ হাজারেরও বেশি ইবাদতকারী অবস্থান নিতে পারেন। রোদ কিংবা বৃষ্টি সুরক্ষার পাশাপাশি ঝড়-বাতাস ও অগ্নিকাণ্ড প্রতিরোধী প্রযুক্তি ব্যবহার করে এসব ছাতা নির্মাণ করা হয়েছে।
মেঝেতে পানি জমে যেন দুর্ঘটনা না ঘটে, সে জন্য ছাতাগুলোর সঙ্গে যুক্ত রয়েছে আধুনিক পানি নিষ্কাশন ব্যবস্থা। এছাড়া সূর্যোদয় ও সূর্যাস্তের সময়ের সঙ্গে মিলিয়ে একটি বিশেষ কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ থেকে ছাতাগুলো স্বয়ংক্রিয়ভাবে খোলা ও বন্ধ করা হয়।
গ্রীষ্মের উত্তাপ কমাতে ছাতাগুলোর সঙ্গে যুক্ত করা হয়েছে ৪৩৬টি মিস্ট ফ্যান এবং এক হাজারেরও বেশি লাইটিং ইউনিট। এসব প্রযুক্তি চত্বরের আশপাশের আবহাওয়া শীতল ও আরামদায়ক রাখতে সহায়তা করে।


























