রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধর ও ছিনতাইয়ের ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন পুলিশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে মেট্রো পুলিশের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন মুরাদ হাসান মুহিদ, নুর জামাল ইসলাম এবং রতন মিয়া। পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক ব্যবসা, চুরি ও ছিনতাইয়ের অভিযোগে একাধিক মামলা রয়েছে এবং তারা একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের সদস্য।
পুলিশ জানায়, বুধবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে, বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী সুমন হালদারকে লালবাগ এলাকায় আটকে রেখে মারধর ও ছিনতাইয়ের ঘটনায় শিক্ষার্থীরা ঢাকা-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও তাজহাট থানার ওসি রফিকুল ইসলামের আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

























