আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষাবিদ ও পরিবেশ আন্দোলনকর্মী সোনম ওয়াংচুককে ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। তাঁর প্রতিষ্ঠিত ডেজার্ট ফ্লাওয়ার স্কুলের যাবতীয় কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে লাদাখ প্রশাসন। জমি সংক্রান্ত মামলার সুরাহা না হওয়া পর্যন্ত স্কুলের সব ধরনের কর্মকাণ্ড স্থগিত রাখতে বলা হয়েছে।
তবে এই সিদ্ধান্তের পেছনে কেন্দ্র সরকারের সঙ্গে তাঁর চলমান বিরোধকে দায়ী করেছেন ওয়াংচুক। অন্যদিকে লাদাখ প্রশাসনের দাবি, প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদন ছাড়াই শিক্ষাপ্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছিল।
ম্যাগসাইসাই পুরস্কারপ্রাপ্ত লাদাখের সন্তান সোনম ওয়াংচুক শিক্ষাবিদ ও পরিবেশ কর্মী হিসেবে বিশ্বজুড়ে পরিচিত। তাঁকে অনুপ্রাণিত করেই নির্মিত হয়েছিল জনপ্রিয় চলচ্চিত্র ‘থ্রি ইডিয়টস’। সোনম ওয়াংচুকের অভিযোগ, লাদাখের স্বীকৃতির দাবিতে কেন্দ্রের বিরুদ্ধে যে আন্দোলন তিনি চালাচ্ছেন, সেটিই এই জমি জটিলতার আসল কারণ।
জানা গেছে, গত ২২ সেপ্টেম্বর লেহ্ ডেপুটি কমিশনারের কাছে সোনমের স্ত্রী ও হিমালয়ান ইনস্টিটিউট অব অলটারনেটিভসের সিইও গীতাঞ্জলি জে আংমো স্কুলের ছাড়পত্র চেয়ে চিঠি দিয়েছিলেন। তবে লাদাখ প্রশাসনের দাবি, সেই ছাড়পত্র পাওয়ার আগেই ক্লাস শুরু করে দেওয়া হয়। হাইকোর্টে বিচারাধীন মামলায় প্রভাব পড়তে পারে এমন কাজ বন্ধ করতেই এই নির্দেশ দেওয়া হয়েছে।

























