সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় ইন্দোনেশিয়ার হজযাত্রীদের সুবিধার্থে একটি বিশাল ‘হজ ভিলেজ’ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ডিসেম্বরে এই প্রকল্পের অবকাঠামো নির্মাণকাজ শুরু করার ঘোষণা দিয়েছে দেশটির রাষ্ট্রীয় বিনিয়োগ সংস্থা দানান্তারা। মূলত হজযাত্রীদের আবাসন সুবিধা উন্নত করা এবং মানসম্মত সেবা নিশ্চিত করা এই প্রকল্পের মূল উদ্দেশ্য।
মক্কার থাখের এলাকায় ৪ দশমিক ৪ হেক্টর জমি কেনার পর ইতিমধ্যেই মেগা প্রকল্পটির প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। দানান্তারার প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ইন্দোনেশিয়ার সংশিষ্ট মন্ত্রী রোসান রোসলানি জানিয়েছেন, আগামী ডিসেম্বরের মধ্যেই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আনুষ্ঠানিক নির্মাণকাজ শুরুর লক্ষ্য নিয়ে এগোচ্ছেন তারা।
সম্প্রতি জাকার্তায় আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে প্রকল্পের সার্বিক অগ্রগতি তুলে ধরা হয়। সংস্থাটি জানায়, মক্কায় কেনা জমির পাশাপাশি ইতোমধ্যে অধিগ্রহণ করা ‘নোভোটেল থাখের মক্কা হোটেল’ কেন্দ্র করে মূল অবকাঠামো সাজানো হবে। ১ হাজার ৪৬১টি কক্ষ বিশিষ্ট এই হোটেলটি বর্তমানে চালু রয়েছে।
স্থানীয় উন্নয়ন প্রতিষ্ঠান আল-খুমাসিয়ার সঙ্গে যৌথভাবে কয়েক ধাপে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। প্রতিটি ধাপে প্রয়োজনীয় সরকারি অনুমোদন ও ছাড়পত্র প্রক্রিয়া সম্পন্ন করবে দানান্তারা। নির্মাণকাজ শেষ হলে ইন্দোনেশিয়ার বিপুলসংখ্যক হজ ও উমরাযাত্রী দীর্ঘমেয়াদি ও উন্নত আবাসন সুবিধার আওতায় আসবেন।


























