দিনাজপুরের পার্বতীপুরে রূপসা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে রুনা লায়লা (৪৭) নামে এক স্কুলশিক্ষিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পার্বতীপুর রেলওয়ে স্টেশনের উত্তরে রহমতনগর রেলওয়ে কলোনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুনা লায়লা সৈয়দপুরের আল-ফারুক স্কুলের বাংলা বিষয়ের শিক্ষিকা ছিলেন। তাঁর স্বামী আব্দুল আউয়াল সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ডের বাংলা বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত।
স্থানীয়রা জানান, সকালে রুনা লায়লাকে গুলপাড়া রেলগেট এলাকায় রেললাইনের পাশে একা বসে থাকতে দেখা যায়। তাঁর গতিবিধি অস্বাভাবিক মনে হওয়ায় স্থানীয়রা তাঁকে সেখান থেকে সরে যেতে বললেও পরবর্তীতে রূপসা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তিনি প্রাণ হারান। তবে তিনি কী কারণে রেললাইনে অবস্থান করছিলেন, তা জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পার্বতীপুর রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন নবী জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নিহতের সহকর্মী ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।


























