কাতারের ওয়াকফ ও ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত আল-উতরুজা ওয়াকফের সহায়তায় দেশটিতে ৩৪ হাজারের বেশি শিক্ষার্থী কোরআন শিক্ষার সুযোগ পাচ্ছে। ১৭৬টি কোরআন শিক্ষাকেন্দ্র ও বিদ্যালয়ে এসব শিক্ষার্থীকে পাঠদান করছেন দেড় হাজারেরও বেশি শিক্ষক-শিক্ষিকা।
ওয়াকফ মন্ত্রণালয়ের ধর্ম প্রচারক ড. মাসউদ জারাল্লাহ আবু শুরাইদা বলেন, আল-উতরুজা ওয়াকফ দীর্ঘমেয়াদি কোরআনি সেবা নিশ্চিত করার একটি অনন্য উদ্যোগ। অর্জিত আয় সরাসরি শিক্ষা কার্যক্রম সম্প্রসারণে ব্যবহৃত হচ্ছে।
তিনি আরও জানান, ওয়াকফের অধীন আবাসন প্রকল্প থেকে প্রাপ্ত আয় স্থায়ীভাবে কোরআন কেন্দ্রগুলোর পরিচালনায় ব্যয় হয়। বর্তমানে এখানে ৯ হাজারের বেশি নারী শিক্ষার্থী রয়েছেন। অনলাইন সেবার মাধ্যমে সাধারণ মানুষও সরাসরি এ ওয়াকফে অংশ নিতে পারছেন।

























