আন্তর্জাতিক জ্বালানি বাজারে আবারও অপরিশোধিত তেলের দাম বেড়েছে। ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হামলার খবর প্রকাশ্যে আসার পর মঙ্গলবার (৩ নভেম্বর) বিশ্ববাজারে ব্রেন্ট ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) উভয় ধরনের তেলের দাম ঊর্ধ্বমুখী দেখা গেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার গ্রিনিচ মান সময় রাত ১টা ৪ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪৮ সেন্ট বা ০.৫ শতাংশ বেড়ে ১০৫ ডলার ২৫ সেন্টে পৌঁছায়। একই সময়ে মার্কিন ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম ৪৭ সেন্ট বা ০.৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৬ ডলার ৯৩ সেন্টে দাঁড়ায়।
এর আগে সোমবার আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় পতন ঘটেছিল। সেদিন ব্রেন্ট ক্রুডের দাম ৭.৬৩ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৪ ডলার ৭৭ সেন্টে নেমে আসে।
মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের কেশম দ্বীপে অভিযান চালিয়েছে। মার্কিন কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়, হরমুজ প্রণালীতে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের ওপর ইরানের হামলা চালানোর সক্ষমতা পঙ্গু করে দিতেই এই আত্মরক্ষামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিশ্বে জ্বালানি তেল সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি ঘিরে সামরিক উত্তেজনা বৃদ্ধির প্রভাব সরাসরি পড়েছে আন্তর্জাতিক তেলের বাজারে।

























