নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশের অভিযোগে হাসিফ রহমান (১২) নামে এক বাংলাদেশি শিশুকে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জোরালো ও দ্রুত হস্তক্ষেপে আধা ঘণ্টার মধ্যেই শিশুটিকে নিরাপদে ফেরত আনা সম্ভব হয়েছে।
জানা গেছে, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার শফিকুল ইসলামের ছেলে হাসিফ রহমান উপজেলার হাপানিয়া সীমান্তে ভারতের ভেতরে প্রবেশ করলে বিএসএফের পান্নাপুর ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে। বিষয়টি জানতে পেরে ১৬ বিজিবি ব্যাটালিয়নের হাপানিয়া ক্যাম্প বিএসএফ কর্তৃপক্ষের সাথে তাত্ক্ষণিক যোগাযোগ স্থাপন করে।
নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, বিএসএফ শিশুটিকে ধরে নিয়ে যাওয়ার পরপরই বিজিবির দ্রুত কার্যকর পদক্ষেপের ফলে ৩০ মিনিটের মধ্যে তাকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


























