দেশের গণমানুষের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছেড়ে ঘরে ফেরা হবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শনিবার গভীর রাতে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে গণভোটের গণরায় বাস্তবায়নসহ সাত দফা দাবিতে আয়োজিত ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চের সমাপনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘আমাদের এসব দাবি কোনো দলীয় স্বার্থে নয়; এগুলো দেশের প্রতিটি মানুষের প্রাণের দাবি। অবিলম্বে এসব দাবি মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি। আমরা দেশকে ভালোবাসি, আর দেশের মানুষের অধিকার আদায়ের লক্ষ্যেই আমরা রাজপথে নেমেছি।’
একটি বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি আরও বলেন, দেশ সবার এবং এই দেশের ভবিষ্যৎ সুরক্ষায় দল-মত নির্বিশেষে জাতীয় ঐক্য গড়ে তোলা অপরিহার্য। পরবর্তী কর্মসূচির ইঙ্গিত দিয়ে তিনি নেতাকর্মীদের প্রস্তুত থাকারও আহ্বান জানান।
কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ খন্দকার একে আলী মহসিনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার, জাগপার সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, এনসিপি নেতা হান্নান মাসুদ, ডাকসুর ভিপি সাদিক কায়েম ও জিএস ফরহাদ এবং কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা প্রমুখ। গভীর রাতে সমাপ্ত হওয়া এই সমাবেশের মধ্য দিয়েই ১১ দলীয় ঐক্যের লংমার্চ কর্মসূচি শেষ হয়।























