ময়মনসিংহের গফরগাঁওয়ে মোটরসাইকেল নিয়ে রেলব্রিজ পার হওয়ার সময় নিচে পড়ে গুরুতর আহত মো. সোহাগ মিয়া (৪০) নামের এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার ভোরে ঢাকার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এর আগে শনিবার সন্ধ্যার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথের কাওরাইদ ও মশাখালী স্টেশনের মধ্যবর্তী ঝুঁকিপূর্ণ শীলা রেলব্রিজে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহাগ মিয়া গফরগাঁও ইউনিয়নের উথুরী গ্রামের আহসান উল্লাহর ছেলে। তিনি একটি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের স্থানীয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় মোটরসাইকেল চালিয়ে শীলা রেলব্রিজ পার হচ্ছিলেন সোহাগ মিয়া। এ সময় স্লিপার থেকে চাকা পিছলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলসহ ব্রিজের নিচে পড়ে যান। স্থানীয় বাসিন্দারা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে তাঁর মৃত্যু হয়। নিহতের প্রতিবেশী মামুন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে গভীর শোক প্রকাশ করেছেন।
এলাকাবাসীর অভিযোগ, বিকল্প কোনো সড়ক বা সেতু না থাকায় প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ শত শত মানুষ ঝুঁকি নিয়ে পায়ে হেঁটে কিংবা বাইসাইকেল ও মোটরসাইকেল চালিয়ে এই রেলব্রিজ পারাপার হন। ট্রেন চলে এলে প্রায়ই দুর্ঘটনার শিকার হয়ে ব্রিজের নিচে পড়ে পথচারীরা হতাহত হচ্ছেন। জনস্বার্থে সেখানে দ্রুত একটি বিকল্প সেতু বা সংযোগ সড়ক নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

























