এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার নেমে এসেছে ৪৪.৮৪ শতাংশে। বোর্ডের অধীনে এ বছর ৯৫০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। গত বছরের তুলনায় পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তি দুটি সূচকই উল্লেখযোগ্যভাবে কমেছে। তবে সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, বোর্ডের ১১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন।
ফলাফল ঘোষণার সময় পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, উত্তরপত্র সঠিকভাবে পর্যালোচনা ও মূল্যায়নের মাধ্যমে ফল প্রকাশ করা হয়েছে, যাতে শিক্ষার্থীদের প্রকৃত মেধার প্রতিফলন ঘটেছে।
বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর বিভাগের ছয়টি জেলার ৩৫০টি কলেজ থেকে মোট ৫৭ হাজার ৯১২ জন শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ছাত্র ২৬ হাজার ৭৫৫ জন এবং ছাত্রী ৩১ হাজার ১৫৭ জন। পাস করেছেন মোট ২৫ হাজার ৯৭০ জন, যার মধ্যে ৯৫০ জন জিপিএ-৫ পেয়েছেন।
উল্লেখ্য, ২০২৫ সালে বরিশাল বোর্ডে পাসের হার ছিল ৬২.৫৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিলেন ১ হাজার ৬৭৪ জন। সেই তুলনায় এবার পাসের হার কমেছে ১৭.৭৩ শতাংশ পয়েন্ট এবং জিপিএ-৫ অর্জনের সংখ্যা কমেছে ৭২৪ জন।


























