ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় পূর্বশত্রুতার জেরে একটি ফলের বাগানের তিন শতাধিক দেশি-বিদেশি গাছ কেটে তছনছ করার অভিযোগ উঠেছে। উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের দক্ষিণ কৈখালী গ্রামে শনিবার (৩১ অক্টোবর) সকালে এই ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী পরিবার ৯৯৯-এ ফোন দিলে পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে।
স্থানীয়রা জানান, দক্ষিণ কৈখালী গ্রামের বান্দাঘাটা-কৈখালী বাজার সংলগ্ন ৪৫ শতক জমিতে ফলজ ও বনজ বাগান গড়ে তুলেছিলেন ঢাকায় অবস্থানরত মো. মাজেদুল হাসান মনি। বাগানে সুপারি, রেন্ডি, আম, জাম, মালটা, আমড়া, কাঁঠাল, পেয়ারা, লেবু ও নারকেলসহ বিভিন্ন প্রজাতির তিন শতাধিক চারা ও ফলন্ত গাছ ছিল।
অভিযোগ উঠেছে, পশ্চিম আউরা গ্রামের মো. জামাল মুন্সি, তাঁর বড় ভাই জাকির মুন্সি ও জসিম মুন্সিসহ একদল লোক পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে সকালে বাগানে ঢুকে সব গাছ কেটে ফেলে। বাগানের পরিচর্যাকারী ওবায়দুল মুন্সি ঘটনার ভিডিও ধারণ করতে গেলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে তিনি জানান।
বাগানের মালিক মাজেদুল হাসান মনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমি ঢাকায় থাকার সুযোগে আসামিরা শত্রুতা উদ্ধার করতে আমার পুরো বাগানটি ধ্বংস করে দিয়েছে। আমি এলাকায় এসে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেব।’ এ বিষয়ে কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু নাছের রায়হান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


























