মেলা প্রাঙ্গণের প্রধান ফটকের সামনে মোটরসাইকেল, রিকশা ও ইজিবাইক থামা মাত্রই নেমে পড়ছেন নারী ও শিশুরা। স্বজন বা পরিবারের পুরুষ সদস্যরা তাঁদের গেটে নামিয়ে দিয়ে বাইরে অপেক্ষা করছেন, আর ভেতরে চলছে নারীদের কেনাকাটা, আড্ডা ও আনন্দ-উৎসব। দিনাজপুরের ফুলবাড়ীতে প্রায় সাত দশকের পুরোনো ঐতিহ্যবাহী ‘বউমেলা’কে কেন্দ্র করে তৈরি হয়েছে এমন ব্যতিক্রমী ও আনন্দমুখর পরিবেশ।
সোমবার (২৬ অক্টোবর) ফুলবাড়ী উপজেলার সুজাপুর সার্বজনীন দুর্গামন্দির প্রাঙ্গণে দীর্ঘদিনের ঐতিহ্য মেনে লক্ষ্মীপূজার পরদিন এই মেলার আয়োজন করা হয়। প্রতিবছর এ মেলায় শুধুমাত্র নারী ও শিশুদের প্রবেশের অনুমতি থাকে। তবে দোকানের পরিচালনা ও মালামাল বেচাকেনার দায়িত্বে নিয়োজিত থাকেন পুরুষ ব্যবসায়ীরা। পুরুষ দর্শনার্থীদের মেলা প্রাঙ্গণে প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ থাকায় তাঁরা বাইরে অবস্থান করেন।
সরেজমিনে দেখা যায়, মেলার ভেতরে সারি সারি দোকানে সাজানো রয়েছে বিভিন্ন সাজগোজের প্রসাধনী, খেলনা, গৃহস্থালি সামগ্রী, হস্তশিল্প এবং নানা পদের রকমারি খাবার। পছন্দের কেনাকাটা ও আড্ডায় মুখরিত পুরো এলাকা। মেলায় আসা নারী দর্শনার্থীরা জানান, সম্পূর্ণ নিজেদের নিয়ন্ত্রণে ও নিরাপদে কেনাকাটা করতে পেরে তাঁরা আনন্দিত। স্বামীদের বাইরে রেখে এসে নিজেদের মতো কেনাকাটা ও স্বজনদের সঙ্গে কুশল বিনিময়ের এই সুযোগের জন্য তাঁরা সারা বছর অপেক্ষায় থাকেন।


























