বরিশালের উজিরপুরে ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি জাকির হোসেনকে (৪০) গ্রেপ্তার করেছে এসআরবি। মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে তাকে আইনের আওতায় আনা হয়।
গ্রেপ্তারকৃত জাকির হোসেন উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল এসআরবি-৮ এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার সাথী আক্তার।
এসআরবি সূত্রে জানা যায়, এজাহার দায়েরের পর তথ্যপ্রযুক্তির সহায়তা ও স্থানীয় সোর্সের মাধ্যমে রবিবার দিবাগত রাতে বানারীপাড়া থানার কুন্দিহার গ্রামে অভিযান চালানো হয়। সেখানে আত্মগোপনে থাকা অবস্থায় জাকিরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় আভিযানিক দল। পরবর্তীতে তাকে উজিরপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
মামলার এজাহার অনুযায়ী, অভিযুক্ত জাকির হোসেন দীর্ঘদিন ধরে ভুক্তভোগী কিশোরীকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ২২ অক্টোবর সকালে বাড়ির পাশের একটি নির্জন ডোবার পাড়ে একা পেয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। এ সময় কিশোরীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যায়। এ ঘটনায় নির্যাতিতার বাবা বাদী হয়ে উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন।


























