চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার একটি কুরিয়ার সার্ভিস কার্যালয়ে অভিযান চালিয়ে আনুমানিক দুই কেজি হেরোইন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার বিকেলে সদর উপজেলার শান্তির মোড় সংলগ্ন এজেআর ট্রান্সপোর্ট এজেন্সিতে এ অভিযান চালানো হয়।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় ডিবি পুলিশের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে। উদ্ধারকৃত মাদক বিক্রির উদ্দেশ্যে মজুত করে ঢাকায় পাঠানোর জন্য ওই কুরিয়ার সার্ভিসে বুকিং দেওয়া হয়েছিল বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।
তদন্তের স্বার্থে জড়িত মাদক ব্যবসায়ীর নাম প্রকাশ করেনি পুলিশ। তবে এ ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে। জেলা পুলিশ জানিয়েছে, মাদক ও চোরাচালান নির্মূলে তাদের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

























