সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় নিখোঁজ হওয়ার চার দিন পর মনোরঞ্জন মন্ডল (৫০) নামের এক ব্যক্তির মরদেহ ধানক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার কৈখালী ইউনিয়নের শৈলখালী এলাকার একটি ধানক্ষেত থেকে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মনোরঞ্জন মন্ডল কৈখালী ইউনিয়নের যাদবপুর গ্রামের বাসিন্দা দিগম্বর মণ্ডলের ছেলে। স্বজনরা জানান, গত চার দিন আগে নিজের ধানক্ষেতে কীটনাশক দিতে গিয়ে তিনি আর বাড়ি ফিরে আসেননি। সম্ভাব্য নানা জায়গায় সন্ধান চালিয়েও তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি। সোমবার সকালে স্থানীয় কৃষকেরা শৈলখালীর মাঠে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে শনাক্ত করেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা নেয়। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো স্পষ্ট নয় জানিয়ে তিনি বলেন, পুরো ঘটনাটির রহস্য উদঘাটনে পুলিশ ইতোমধ্যে তদন্ত কার্যক্রম শুরু করেছে।


























