স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীর শাহবাগে গণবিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় এক সংবাদ সম্মেলনে এই নতুন কর্মসূচির কথা জানান দলটির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম।
সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম দেশের আইনশৃঙ্খলা ও বিদ্যুৎ-জ্বালানি খাতের পরিস্থিতি নিয়ে কড়া সমালোচনা করেন। তিনি বলেন, ‘দেশের সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এখন সংবিধান সংশোধন কমিটি নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ফলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকার নৈতিক অধিকার তিনি হারিয়েছেন। পাশাপাশি জ্বালানি খাতের সাম্প্রতিক বিপর্যয়ের দায় জ্বালানিমন্ত্রী কোনোভাবেই এড়াতে পারেন না।’
বক্তব্যে সরকারি দল বিএনপির ভূমিকার তীব্র সমালোচনা করে এনসিপি আহ্বায়ক বলেন, ‘ক্ষমতায় আসলেই বিএনপি সবকিছু কুক্ষিগত করার চেষ্টা চালায়।’ তিনি সতর্ক করে আরো বলেন, স্থানীয় সরকার নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা চালানো হলে সরকার তাদের পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করতে পারবে না।























