কুষ্টিয়ার মিরপুরে সিএনজিচালিত অটোরিকশাকে একটি কাভার্ড ভ্যান সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হয়েছেন। এতে অটোর চালকসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। রোববার (২৫ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার চার মাইল এলাকায় কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত জাকারিয়া ইসলাম (২৩) দৌলতপুর উপজেলার বড়গাংদিয়া এলাকার নজরুল ইসলামের ছেলে। আহতরা হলেন—অটোচালক মনিরুল ইসলাম এবং যাত্রী রেবেকা খাতুন (৪২) ও তার পুত্রবধু তামান্না (২০)। আহত চালক মনিরুল জানান, কুষ্টিয়া শহর থেকে চারজন যাত্রী নিয়ে তিনি মেহেরপুরের গাংনীর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে চার মাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী কাভার্ড ভ্যান তাদের অটোরিকশাকে সামনে থেকে সজোরে ধাক্কা দেয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জাকারিয়া ইসলামকে মৃত বলে ঘোষণা করেন। বাকি আহতরা বর্তমানে হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানিয়েছেন, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া গ্রহণের বিষয়টি বর্তমানে চলমান রয়েছে।
























