দিনাজপুরের ফুলবাড়ী সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ১ হাজার ৬০৩ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা এসব মাদকের বাজারমূল্য আনুমানিক ১ লাখ ২৮ হাজার ২৪০ টাকা।
সোমবার (২৬ অক্টোবর) সকালে ফুলবাড়ী ব্যাটালিয়নের (২৯ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, ব্যাটালিয়নের অধীনস্থ বড়গ্রাম সীমান্ত ফাঁড়ির (বিওপি) টহল দল সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করার সময় বাংলাদেশের অভ্যন্তর থেকে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেটগুলো পরিত্যক্ত অবস্থায় জব্দ করে। তবে ঘটনার সঙ্গে জড়িত চোরাচালানিরা কৌশলে পালিয়ে যায়।
ফুলবাড়ী ব্যাটালিয়নের (২৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান জানান, সীমান্ত রক্ষা ও মাদক চোরাচালান বন্ধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্ত অপরাধ দমন এবং চোরাচালানিদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
























