রাজধানী ঢাকাকে একটি বাসযোগ্য, পরিকল্পিত ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে সিটি করপোরেশনের পাশাপাশি রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সাধারণ নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা চেয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
সোমবার রাজধানীর কলাবাগান স্টাফ কোয়ার্টার এলাকায় নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সড়কমন্ত্রী বলেন, সীমিত জনবল ও অবকাঠামো দিয়ে মেগাসিটির বিশাল জনগোষ্ঠীর সেবা নিশ্চিত করা অত্যন্ত কঠিন কাজ। বিশেষ করে বিগত সরকারের আমলে সংঘটিত আর্থিক অনিয়ম ও তহবিলের অপব্যবহারের ফলে সিটি করপোরেশনের আর্থিক সক্ষমতা বড় ধরনের সংকটে পড়েছে। তিনি স্পষ্ট করেন, ব্যক্তি বা এলাকার পরিচয় নয়, বরং কাজের গুরুত্ব ও উপযোগিতা বিবেচনা করেই নগরীর রাস্তাঘাট সংস্কারের অগ্রাধিকার নির্ধারণ করা হবে।
সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম জানান, দক্ষিণ ঢাকার প্রধান সমস্যা জলাবদ্ধতা দূরীকরণ এবং নিউমার্কেটসহ ব্যস্ততম এলাকার ফুটপাত হকারমুক্ত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টি করে কাউকে বসতে দেওয়া হবে না, তবে সুনির্দিষ্ট নীতিমালার অধীনে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। একই সঙ্গে দায়িত্ব পালনে কোনো কর্মকর্তা-কর্মচারী অবহেলা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।























