চলচ্চিত্রে অতিরিক্ত মারামারি, রক্তারক্তি ও নৃশংস দৃশ্যের মাত্রাতিরিক্ত ব্যবহার নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে। সম্প্রতি কন্যাসন্তানের মা হওয়া এই অভিনেত্রীর মতে, বাণিজ্যিক ধারার সিনেমায় এসব সহিংস উপাদান তার ব্যক্তিগত পছন্দ ও শিল্পবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
নিজের নতুন সিরিজ ‘আক্কা’র প্রচারণামূলক অনুষ্ঠানে যুক্ত হয়ে সিনেমায় সহিংসতার বাড়বাড়ন্ত নিয়ে কথা বলেন রাধিকা। তিনি বলেন, পর্দায় একের পর এক মানুষকে নির্মমভাবে হত্যা বা মাথা থেঁতলে দেওয়ার মতো দৃশ্য দেখানো হচ্ছে, আর প্রেক্ষাগৃহে দর্শকেরা নির্বিকারভাবে পপকর্ন খেতে খেতে তা উপভোগ করছেন। এই বিষয়টি তার কাছে অত্যন্ত অস্বস্তিকর মনে হয়।
এই অভিনেত্রী মনে করেন, ঢালাওভাবে সিনেমায় এমন নৃশংসতাকে সৃজনশীলতা হিসেবে উপস্থাপন করা অযৌক্তিক। চলচ্চিত্রে একশন দৃশ্য জনপ্রিয় হলেও সব ধরনের গল্পের প্রয়োজনে এটি মানানসই নয়। তাই নিজস্ব মূল্যবোধ ও শিল্পবোধের সঙ্গে সাংঘর্ষিক এমন কাজে তিনি অভিনয় করতে চান না।
সম্প্রতি মা হওয়ার পর জীবনে নতুন অধ্যায় শুরু হলেও, কেবল কন্যাসন্তানের কথা ভেবেই তিনি নির্দিষ্ট ধরণের সিনেমা এড়িয়ে চলছেন—এমন দাবি পুরোপুরি নিশ্চিত করেননি রাধিকা। তবে তিনি স্পষ্ট করেছেন, সুস্থ ধারার বিনোদন বজায় রাখতেই অতিরিক্ত সহিংস সিনেমা থেকে নিজেকে দূরে রাখতে চান।
























