বুধবার (১২ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তর বাস্তবায়নাধীন ‘স্ট্রেংদেনিং সোশ্যাল প্রটেকশন ফর ইমপ্রুভড রেজিলিয়েন্স, ইনক্লুশন অ্যান্ড টার্গেটিং’ প্রকল্পের আওতায় ট্যাব কেনার প্রস্তাবটি অনুমোদন পায়।
নারায়ণগঞ্জের সোনাকান্দায় অবস্থিত বাংলাদেশ নৌবাহিনীর নিয়ন্ত্রণাধীন ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের মাধ্যমে ৩২০ কোটি ৭১ লাখ ২০ হাজার টাকায় এই অ্যান্ড্রয়েড ট্যাবগুলো কেনা হবে। মূলত প্রান্তিক পর্যায়ে প্রকৃত উপকারভোগী নির্বাচন, মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ, প্রাথমিক যাচাই ও ডিজিটাল ডেটা ব্যবস্থাপনায় ব্যবহারের জন্য প্রযুক্তিনির্ভর এই উদ্যোগ নেওয়া হয়েছে।
একই সভায় চট্টগ্রাম কাস্টমস হাউসের প্রযুক্তিগত পরিকাঠামো স্থানান্তরের কাজের জন্য একটি সংশোধিত ভেরিয়েশন প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের আওতায় কাস্টমস হাউসের বিদ্যমান মডুলার ডেটা সেন্টার, লোকাল এরিয়া নেটওয়ার্ক (LAN) ও আইটি অবকাঠামো পুনঃস্থাপনে স্পেকট্রাম ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়াম লিমিটেডকে অতিরিক্ত ২ কোটি ২৩ লাখ ৭৩ হাজার ৫৮৮ টাকা বরাদ্দের অনুমোদন দেওয়া হয়। এতে করে উক্ত প্রকল্পের মূল চুক্তি ৮ কোটি ৬৮ লাখ টাকা থেকে বৃদ্ধি পেয়ে সর্বমোট ১০ কোটি ৯২ লাখ ২০ হাজার ৫৮৮ টাকায় দাঁড়িয়েছে।
এছাড়া অর্থনৈতিক অবকাঠামো পুনর্গঠনের অংশ হিসেবে কুমিল্লা সড়ক জোনের অধীন ফেনী সড়ক বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সঙ্গে লক্ষ্মীপুর, নোয়াখালী ও ফেনী জেলার সংযোগকারী সড়ক উন্নয়নে পুনঃদরপত্র আহ্বানের একটি প্যাকেজ প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা কমিটি।
রিপোর্টারের নাম 



















