গত জুলাই মাসে দেশে স্বাভাবিকের তুলনায় ৩৬ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মাসের শুরুতে স্বাভাবিক বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হলেও বাস্তবে দেশের বিভিন্ন অঞ্চলে প্রত্যাশার চেয়ে অনেক বেশি বর্ষণ রেকর্ড করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম বিভাগেই হয়েছে সর্বোচ্চ বৃষ্টিপাত।
আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানান, দেশে সাধারণত জুলাই মাসেই সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়ে থাকে, যার গড় পরিমাণ প্রায় ৫৫৭ মিলিমিটার। এবার জুন মাসে স্বাভাবিকের চেয়ে ২৯ দশমিক ৪ শতাংশ কম বৃষ্টি হলেও জুলাইয়ে তা স্বাভাবিকের তুলনায় ৩৬ শতাংশ বেড়েছে। তিনি আরও জানান, ময়মনসিংহ বিভাগ ছাড়া দেশের সব বিভাগেই স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হয়েছে, তবে সর্বোচ্চ রেকর্ড হয়েছে চট্টগ্রাম বিভাগে। সেখানে স্বাভাবিক গড় বৃষ্টিপাতের পরিমাণ ৬৯২ মিলিমিটার ধরা হলেও প্রকৃতপক্ষে হয়েছে ১০৪৭ মিলিমিটার, অর্থাৎ ৫১ শতাংশ বেশি। চূড়ান্ত পরিসংখ্যান আজ রোববারের মাসিক সভা শেষে প্রকাশ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
শনিবার সন্ধ্যায় প্রকাশিত পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকার নিম্নচাপটি রাজস্থানের দিকে অগ্রসর হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হয়েছে, যা রাজস্থান থেকে বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর ফলে রোববার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। এই অবস্থা মঙ্গলবার পর্যন্ত অব্যাহত থাকার পর ৫ আগস্ট থেকে ঢাকা ও রাজশাহী বিভাগেও বৃষ্টিপাত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে গত মাসের মতো টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত নেই।
বর্ষাকালে বৃষ্টির প্রবণতা বাড়ার কারণ জানতে চাইলে আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক বলেন, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প বহন করে আনাই এর মূল কারণ। এছাড়া স্থল ও সমুদ্রের তাপমাত্রার পার্থক্য, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ, হিমালয়-মেঘালয়ের পাহাড়ের অরোগ্রাফিক প্রভাব, মৌসুমি বায়ুর অক্ষরেখার সক্রিয়তা এবং আর্দ্র বাতাসের ঊর্ধ্বগমনও ভারী বৃষ্টিপাতের কারণ।
রিপোর্টারের নাম 





















