দেশের বাজারে প্রচলিত অধিকাংশ টুথপেস্টে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সরকার। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান জানিয়েছেন, জনস্বার্থ রক্ষায় এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, মাইক্রোপ্লাস্টিক বর্তমানে একটি বড় স্বাস্থ্যঝুঁকি হিসেবে আবির্ভূত হয়েছে। এটি কেবল টুথপেস্টেই নয়, বরং খাদ্যশৃঙ্খল ও পানির মাধ্যমেও শরীরে প্রবেশ করছে। জনগণের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বাড়ছে এবং নির্বাচিত সরকার হিসেবে জনগণের স্বার্থ রক্ষায় সরকার একটি সমন্বিত পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে।
সম্প্রতি পরিবেশ ও সামাজিক উন্নয়ন সংস্থা (ইএসডিও) এক গবেষণায় জানিয়েছে, দেশের ১৯টি ব্র্যান্ডের ৩৪টি টুথপেস্টের মধ্যে প্রায় ৭৬.৫ শতাংশ নমুনায় মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। এমনকি শিশুদের জন্য তৈরি টুথপেস্টেও এই ক্ষতিকর উপাদানের উপস্থিতি মিলেছে, যা দীর্ঘমেয়াদী স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।
রিপোর্টারের নাম 

























