দেশের সীমান্ত সুরক্ষা ও অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত দুই মাসে সরাইল রিজিয়নের আওতাধীন ময়মনসিংহ থেকে কুমিল্লা পর্যন্ত ১ হাজার ২০০ কিলোমিটার সীমান্ত এলাকায় অন্তত ২৫টি অবৈধ পুশইন বা অনুপ্রবেশের চেষ্টা সফলভাবে রুখে দিয়েছে বাহিনীটি। সর্বশেষ কুমিল্লার সালদা নদী সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টাকালে চারজনকে পুনরায় ভারতে ফেরত পাঠানো হয়েছে।
মঙ্গলবার কুমিল্লার ১০ ব্যাটালিয়ন বিজিবি আয়োজিত মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে এসব তথ্য জানান বিজিবির উত্তর-পূর্ব রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির পাশাপাশি স্থানীয় জনগণ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় সহযোগিতা অত্যন্ত জরুরি।
অনুষ্ঠানে আরও জানানো হয়, গত তিন বছরে কুমিল্লা ও সুলতানপুর ব্যাটালিয়ন প্রায় ২০ হাজার ২০০টি অভিযান চালিয়ে ৫২ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে। এসব ঘটনায় ৫২৬ জন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। বিজিবির এই কঠোর নজরদারি ও অভিযান সীমান্ত অপরাধ দমনে এবং চোরাচালান রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
রিপোর্টারের নাম 
























