পণ্য ব্যবহারে ক্যানসার সৃষ্টির অভিযোগে দায়ের করা হাজার হাজার মামলা থেকে মুক্তি পেতে বড় অংকের সমঝোতা প্রস্তাব দিয়েছে বিশ্বের অন্যতম শীর্ষ ফার্মাসিউটিক্যাল কোম্পানি জনসন অ্যান্ড জনসন (জে অ্যান্ড জে)। প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রায় ৫৫০ কোটি ডলার বা ৫.৫ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ প্রদানের মাধ্যমে তারা যুক্তরাষ্ট্রের আদালতে চলমান দীর্ঘদিনের আইনি লড়াইয়ের অবসান ঘটাতে চায়।
এই সমঝোতা চুক্তি কার্যকর হলে যুক্তরাষ্ট্রে টেলকম পাউডার সংক্রান্ত প্রায় ৬৯ হাজার মামলার সমাধান হবে, যা মোট বকেয়া মামলার প্রায় ৯৯ শতাংশের বেশি। তবে এই প্রস্তাব বাস্তবায়নের জন্য মামলাকারী বাদীদের অন্তত ৯৫ শতাংশের সম্মতি প্রয়োজন হবে। উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সম্প্রতি টেলককে মানুষের জন্য ক্যানসার সৃষ্টিকারী উপাদানের তালিকায় অন্তর্ভুক্ত করার পর থেকেই এই বিতর্ক আরও জোরালো হয়।
দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল যে, জনসনের বেবি পাউডারসহ বিভিন্ন টেলক পণ্য ব্যবহারে নারীদের ডিম্বাশয়ের ক্যানসারের ঝুঁকি বাড়ছে। যদিও কোম্পানিটি বরাবরই এই দাবি অস্বীকার করে আসছে। আইনি জটিলতা এড়াতে ২০২০ সালে যুক্তরাষ্ট্র ও কানাডায় এবং ২০২৩ সালে বিশ্বজুড়ে টেলকভিত্তিক পাউডার বিক্রি বন্ধ করে দেয় তারা। জে অ্যান্ড জে কর্তৃপক্ষের আশা, এই বিশাল অংকের ক্ষতিপূরণের মাধ্যমে তারা দীর্ঘদিনের আইনি প্রতিবন্ধকতা কাটিয়ে নতুনভাবে এগিয়ে যেতে পারবে।
রিপোর্টারের নাম 
























