জুলাই মাসের গণ-অভ্যুত্থানে ফ্যাসিবাদী শাসনের পতন ঘটলেও তরুণ প্রজন্মের কাঙ্ক্ষিত লক্ষ্য এখনো পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিনি বলেন, অতীতের প্রতিটি অভ্যুত্থান ও সংগ্রামের পর দেশ এমন শক্তির হাতে গেছে, যাদের কাছে ইসলাম, দেশ ও মানবতা নিরাপদ নয়।
রোববার জাতীয় প্রেসক্লাবে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আয়োজিত ‘স্বৈরাচার প্রতিরোধ দিবসে চেতনায় জুলাই’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চরমোনাই পীর এসব কথা বলেন। তিনি বলেন, বারবার ‘শেয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো ভুল’ করার কারণেই জাতির ভাগ্যে এমন হতাশা নেমে আসে। তাই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে নিজেদের ভাগ্যের পরিবর্তনের জন্য ইসলামকে ক্ষমতায় আনতে কাজ করার আহ্বান জানান তিনি। তাঁর মতে, ইসলামী শরীয়াহ-র শাসনই প্রকৃত আদর্শ শাসন।
মুফতি রেজাউল করীম আরও স্মরণ করেন, চব্বিশের উত্তাল দিনগুলোতে ইসলামী আন্দোলন তাদের রাজনৈতিক অস্তিত্ব হুমকির মুখে রেখেও রাজপথে ছিল। তিনি জানান, বাইতুল মোকাররমে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সমাবেশ ও মিছিলে তিনি ও তার যুবকর্মীরা উপস্থিত ছিলেন এবং সে সময় স্বৈরাচারী বাহিনীর নির্বিচার গুলির মুখে লড়াই করেছেন। তিনি তখনই দৃঢ়তার সঙ্গে বলেছিলেন যে, যত শক্তিশালীই হোক, ফ্যাসিবাদের পতন হবেই।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদের সভাপতিত্বে এবং জয়েন্ট সেক্রেটারি জেনারেল মুফতী রহমাতুল্লাহ বিন হাবিব ও অ্যাসিস্টান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা ইলিয়াস হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম-মহাসচিব মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দীন এবং অন্যান্য কেন্দ্রীয় ও যুব আন্দোলনের নেতৃবৃন্দ।
রিপোর্টারের নাম 




















