চট্টগ্রামের চকবাজারে একটি ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে ২ কোটি টাকা চাঁদা দাবি এবং পরবর্তীতে ব্যাপক ভাঙচুর ও ৩৫ লাখ টাকা লুটের ঘটনায় শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনসহ মোট ২১ জনকে গ্রেপ্তার করেছে আইন প্রয়োগকারী সংস্থা। জনপ্রতি মাত্র ৫০০ টাকার বিনিময়ে ডেভিড ইমন এই হামলা করিয়েছিলেন বলে জানিয়েছে র্যাব।
র্যাব-৭ এর একটি দল শনিবার রাতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে নয়জনকে গ্রেপ্তার করে। এর আগে পুলিশ একই ঘটনায় আরও ১২ জনকে গ্রেপ্তার করেছিল। এ নিয়ে মোট গ্রেপ্তারের সংখ্যা ২১ জনে দাঁড়িয়েছে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে তিনটি ছুরিসহ চারটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, গত ১১ জুলাই চকবাজার থানাধীন ‘ডিজিটাল ডট নেট’-এর স্বত্বাধিকারী আদিল বিন মামুনের কাছে ডেভিড ইমন হোয়াটসঅ্যাপে ২ কোটি টাকা এককালীন এবং প্রতি মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। কর্তৃপক্ষ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত ১৩ জুলাই দুপুরে ৩০-৪০ জনের একটি সন্ত্রাসী দল ধারালো অস্ত্র নিয়ে প্রতিষ্ঠানটিতে হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা অফিসের আসবাবপত্র, কম্পিউটার, সার্ভার মনিটর, ল্যাপটপসহ বিপুল পরিমাণ মালামাল ভাঙচুর করে এবং কর্মচারীদের বেতনের জন্য রাখা নগদ ৩৫ লাখ টাকা লুট করে পালিয়ে যায়।
ঘটনার পর ইন্টারনেট সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানের ম্যানেজার বাদী হয়ে চকবাজার থানায় অজ্ঞাতনামা ৩০-৪০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। র্যাব-৭ এর চীফ কমান্ডিং অফিসার লেফট্যানেন্ট কর্ণেল মো. হাফিজুর রহমান রোববার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সন্ত্রাসী ডেভিড ইমন, সানি, রাজু ও মাইকেলের সহযোগিতায় এই হামলা পরিচালনা করে। র্যাব ডেভিড ইমনের অবস্থান শনাক্ত করতে পেরেছে এবং তদন্তের স্বার্থে বিস্তারিত জানানো যাচ্ছে না।
গ্রেপ্তারকৃতরা হলেন মাইকেল ওরফে রৌহেন মিয়া প্রকাশ মাইক্যাল (৩১), মো. তুহিন (২২), আকবর হোসেন (৩৮), মো. আব্দুল মুমিন (৩০), মো. মাসাদ মিয়া (২৭), মো. দিদার মিয়া (২২), মো. সাঞ্জাত হাসান (১৮), সৈকত হোসেন (১৮) এবং মো. সাইফুদ্দিন (৩২)।
রিপোর্টারের নাম 



















