খুলনার ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের কুলবাড়িয়া গ্রামে ঘটেছে এক নজিরবিহীন ঘটনা। এক কিলোমিটারের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান থাকলে ইটভাটার অনুমোদন মেলে না—এই নিয়মের জেরে ভাটা মালিকদের চাপে বন্ধ হয়ে গেছে বিকেএমএস মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। এর ফলে বাগআঁচড়া, কুলবাড়িয়া, মুড়াবুনিয়া ও সুন্দরবুনিয়া—এই চার গ্রামের মাধ্যমিক পর্যায়ের শত শত শিক্ষার্থীকে এখন লেখাপড়ার জন্য পাঁচ-ছয় কিলোমিটার পথ পাড়ি দিয়ে দূরের স্কুলে যেতে হচ্ছে।
২০০৫ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টিতে গত বছর ও চলতি বছর একদিনও ক্লাস হয়নি। খুলনা-সাতক্ষীরা মহাসড়কের কাঁঠালতলা বাজার থেকে প্রায় পাঁচ কিলোমিটার ভেতরে ঘ্যাংরাইল নদীর তীর ঘেঁষে পাশাপাশি গড়ে উঠেছে পাঁচটি ইটভাটা। পরিবেশ অধিদপ্তরের অবৈধ ইটভাটা বিরোধী অভিযানে ডুমুরিয়ার অধিকাংশ ভাটা যখন কার্যক্রম গুটিয়ে ফেলেছে, তখন প্রবল দাপটে কাজ চলেছে এই পাঁচটি ইটভাটার। অভিযোগ রয়েছে, এসব ভাটা মালিক প্রায় বছরব্যাপী বাধাহীনভাবে উৎপাদন কার্যক্রম চালাচ্ছেন। ইট পোড়ানোর বিষাক্ত ধোঁয়া, দিনভর ভারী ট্রাক ও ডাম্পট্রাক চলাচল এবং অবাধে নদী থেকে মাটি কাটার কারণে জনজীবন ও পরিবেশ-প্রতিবেশ চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
সরেজমিনে দেখা গেছে, কাঁঠালতলা বাজার থেকে প্রায় দেড় কিলোমিটার ভেতরে কুলবাড়িয়া গ্রামের শুরুতে অবস্থিত মেসার্স বাহার ব্রিকস। গত বছরের ৬ জানুয়ারি পরিবেশ অধিদপ্তরের অভিযানে ফায়ার সার্ভিসের সহায়তায় এই ভাটার আগুন নেভানোর পর এটি ভেঙে দেওয়া হয়েছিল এবং সাতটি ইটভাটাকে ১৩ লাখ টাকা জরিমানা করা হয়েছিল। অথচ এবার সেই বাহার ব্রিকসেই পুরোদমে উৎপাদন চলছে। দুটি ভেকু মেশিনে নদীর চর থেকে মাটি কেটে স্তূপ করা হচ্ছে। এর পাশেই সমানে কাজ চলছে মেসার্স আল্লাহর দান ব্রিকসের।
বাহার ব্রিকসের ম্যানেজার আব্দুল লতিফ গাজী অবশ্য দাবি করেন, তারা রেকর্ডীয় জমিতে ভাটা করেছেন এবং নদী বা চর দখল করেননি; বরং তাদের জমি নদীতে ভেঙে গেছে। তবে স্থানীয়দের অভিযোগ, বিকেএমএস মাধ্যমিক বিদ্যালয় থেকে মাত্র ৪০০ মিটার দূরে পুষ্পক সরদারের মেসার্স সরদার ব্রিকস অবস্থিত। এই ভাটায় কয়লা পোড়ানো হলে দক্ষিণের বাতাসে বিষাক্ত ধোঁয়া সবার আগে স্কুলটিকে গ্রাস করতো। স্থানীয় বাসিন্দা রিংকু রাণী মণ্ডল, যার দুই ছেলে এই স্কুল থেকে এসএসসি পাস করেছে, অভিযোগ করেন যে বিষাক্ত ধোঁয়ার কারণে ছাত্রছাত্রীরা কাশতে কাশতে স্কুল ছেড়ে বাড়ি চলে যেত।
রিপোর্টারের নাম 

























