ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সড়কে চলাচলকারী যানবাহনে বিআরটিএ (বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি) কর্তৃক সরবরাহকৃত নির্ধারিত নিবন্ধন নম্বর প্লেট ও আরএফআইডি ট্যাগ ব্যবহার নিশ্চিত করতে কঠোর অবস্থান গ্রহণ করেছে। আগামী সপ্তাহ থেকে এই নির্দেশনা অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে জরিমানা সহ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার রাতে (১১ মে) ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ারের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, সড়কে চলাচলকারী নিবন্ধিত যানবাহনে সরকার নির্ধারিত রঙ, ডিজাইন ও সাইজের নম্বর প্লেট যথাযথ স্থানে স্থাপন করা আইনগত বাধ্যবাধকতা। তবে, অনেক যানবাহনে বিআরটিএর সরবরাহ করা রেজিস্ট্রেশন নম্বর প্লেট ও আরএফআইডি ট্যাগ ব্যবহার করা হচ্ছে না বলে লক্ষ্য করা গেছে।
অনেক চালক নির্ধারিত নম্বর প্লেট ব্যবহার না করে শুধুমাত্র পেইন্ট দিয়ে গাড়ির নিবন্ধন নম্বর লিখে যানবাহন চালাচ্ছেন। আবার অনেক যানবাহনের মালিক নম্বর প্লেটের ফি পরিশোধ করলেও বিআরটিএ থেকে নির্ধারিত নম্বর প্লেট ও আরএফআইডি ট্যাগ সংগ্রহ করেননি। এছাড়া, বিভিন্ন যানবাহনের উইন্ডশিল্ডে স্থাপিত আরএফআইডি ট্যাগ অকার্যকর পাওয়া যাচ্ছে, যা মহানগরের ট্রাফিক ব্যবস্থাপনায় জটিলতা সৃষ্টি করছে বলে ডিএমপি জানিয়েছে।
গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে, এ অবস্থায় যানবাহনের মালিক ও চালকদের বিআরটিএর নির্ধারিত ডিজাইন, রঙ ও সাইজের নম্বর প্লেট নির্ধারিত স্থানে স্থাপন এবং আরএফআইডি ট্যাগ কার্যকর আছে কি না তা নিশ্চিত করার জন্য আহ্বান জানানো হয়েছে। ডিএমপি জানিয়েছে, আগামী সপ্তাহ থেকে বিআরটিএর সরবরাহ করা নিবন্ধন নম্বর প্লেট ও আরএফআইডি ট্যাগবিহীন যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
রিপোর্টারের নাম 



















