প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান আগামী শনিবার এক সরকারি সফরে সিলেটে যাচ্ছেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই হবে তার প্রথম সিলেট সফর। এই সফরকে কেন্দ্র করে সিলেটের রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং প্রাণচাঞ্চল্য বিরাজ করছে। সফরকালে তিনি হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে তার আনুষ্ঠানিক কর্মসূচি শুরু করবেন বলে জানা গেছে।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী সিলেটে পৌঁছে একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—সিলেট সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের ভিত্তিপ্রস্তর, বাসিয়া নদী পুনঃখনন কার্যক্রম এবং বাংলাদেশ ওভারসিজ সেন্টারের ১০ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন। এছাড়া তিনি সিলেট জেলা স্টেডিয়ামে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ প্রতিযোগিতার বর্ণাঢ্য উদ্বোধন করবেন এবং ভার্চুয়ালি সারাদেশের প্রতিযোগীদের সঙ্গে সরাসরি যুক্ত হবেন।
প্রধানমন্ত্রীর এই সফর সফল করতে স্থানীয় প্রশাসন ও দলীয় নেতা-কর্মীরা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন। বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, এই সফরের মাধ্যমে সিলেটের পরিকল্পিত উন্নয়নের একটি স্পষ্ট রূপরেখা পাওয়া যাবে। সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী জানান, প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে পুরো সিলেট এখন উৎসবমুখর এবং নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 


















