রাঙামাটির কাপ্তাইয়ে ১৬ কেজি ওজনের একটি মহাবিপন্ন বাঘা আইড় মাছ জব্দ করেছে বন বিভাগ। সোমবার সন্ধ্যায় কাপ্তাই জেটিঘাট এলাকা থেকে প্রায় ৪ ফুট লম্বা এই মাছটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, কর্ণফুলী নদী থেকে শিকার করে বিক্রির উদ্দেশ্যে মাছটি সেখানে আনা হয়েছিল। পরে প্রশাসনের নির্দেশে সোমবার রাতেই স্থানীয়দের উপস্থিতিতে মাছটি কেটে কেরোসিন ঢেলে মাটিতে পুঁতে ফেলা হয়।
কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাছটি জব্দ করা হয়। আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থার (আইইউসিএন) লাল তালিকায় বাঘা আইড় একটি মহাবিপন্ন প্রজাতি হিসেবে স্বীকৃত। বাংলাদেশ বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী, এই মাছ শিকার, পরিবহন বা ক্রয়-বিক্রয় দণ্ডনীয় অপরাধ। এই ধরনের অপরাধের জন্য সর্বোচ্চ এক বছর কারাদণ্ড বা ৫০ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, জনসচেতনতা বৃদ্ধি এবং অবৈধ বাজারজাতকরণ রোধে মাছটি ধ্বংস করার সিদ্ধান্ত নেওয়া হয়। বাঘা আইড় মূলত মিঠাপানির একটি বিরল মাছ, যা বর্তমানে বিলুপ্তির চরম ঝুঁকিতে রয়েছে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এ ধরনের সংরক্ষিত প্রাণী রক্ষায় কঠোর আইনি পদক্ষেপ জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
রিপোর্টারের নাম 





















